প্রথম বারের মতো ঘটা করে নতুন সদস্যদের অভিজ্ঞতা এবং তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। রাজধানীর কাওরান বাজারের বেসিস সম্মেলন কক্ষে শনিবার (১৪ মে) অনুষ্ঠিত এক সম্মিলনে নবীন সদস্যদের প্রতিক্রিয়া শোনেন সংগঠনটির সভাপতি রাসেল টি আহমেদ।
‘বেসিস এ স্বাগতম’ নামের এই গেট টু গ্যাদারটি অনেকটাই রূপ নেয় আন্তঃযোগাযোগ অনুষ্ঠানে। শুরুতেই নতুন সদস্যদের স্বাগত জানানো হয় বেসিস সচিবালয় থেকে। এর পর সভাপতির উপস্থিতে নিজেদের প্রতিক্রিয়া এবং অভিজ্ঞতা এবং পরামর্শ তুলে ধরেন সাধারণ সদস্যরা। পাশাপাশি তারা যেসব সেবা নিয়ে কাজ করছেন সতীর্থদের সামনে তাও তুলে ধরেন। উঠে আসে সদস্য প্রতিষ্ঠানগুলো একে অপরের সঙ্গে কীভাবে একসঙ্গে এগিয়ে যেতে পারে সেসব বিষয়ও।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসিস কার্য নির্বাহী কমিটির বর্তমান, সাবেক ও প্রাক্তন নেতারাও। এদের মধ্যে বর্তমান ভাইস প্রেসিডেন্ট আবু দাউদ খান, পরিচালক মুশফিকুর রহমান, একেএম আহমেদুল ইসলাম বাবু, প্রাক্তন কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বেসিস সচিবালয়ের পক্ষে বেসিস সচিবালয় সিইও তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১২ মে একই স্থানে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ ২০২২-এর “মেন্টর’স মিট” নামক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ-এর আহ্বায়ক এবং বেসিস পরিচালক তানভীর হোসেন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ-এর উপদেষ্টা মাহাদী-উজ-জামান ও আরিফুল হাসান অপু। এছাড়াও বেসিস-এর বেসিস সচিবালয়ের পক্ষে দায়িত্বপ্রাপ্ত সদস্য-সচিব হিসেবে জনাব তৌফিক এলাহী প্লাবন উপস্থিত ছিলেন।
একই দিনে অনুষ্ঠিত হয় বেসিসের উইম্যান ইন আইটি বিষয়ক স্থায়ী কমিটির ৪র্থ সভা। কমিটির চেয়ারম্যান হাবিব উল্লাহ তুহিনের সভাপতিত্বে সভায় কমিটির কার্য-পরিধি অনুযায়ী আগামী মাসে আয়োজিত কর্মশালা ও ভবিষ্যতে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এসময় অন্যান্যের মধ্যে বেসিস সচিবালয়ের পক্ষে দায়িত্বপ্রাপ্ত সদস্য-সচিব রাজন্য মুগ্ধা উপস্থিত ছিলেন।